দীর্ঘদিন অন্তরালে থাকার পর আবারও গানের মঞ্চে ফিরছেন গায়ক মইনুল আহসান নোবেল। সম্প্রতি বিয়ে এবং কারামুক্তির পর তিনি নতুনভাবে শুরু করতে যাচ্ছেন তার সংগীত জীবন। ভক্তদের জন্য এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা।
আগামী ২ সেপ্টেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করবেন নোবেল। এ উপলক্ষে তিনি আয়োজকদের কাছে একটি ভিডিও বার্তা পাঠান, যা সামাজিক মাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ভিডিওতে নোবেলকে নতুন চেহারা ও ভিন্ন স্টাইলের চুলে দেখা যায়—যার কারণে অনেকেই প্রথমে তাকে চিনতে পারেননি।
ভিডিওবার্তায় নোবেল বলেন, “হ্যালো গঙ্গাচড়াবাসী, আমি নোবেল। আমি আসছি ২ সেপ্টেম্বর, মঙ্গলবার। দেখা হবে, গানে গানে।”
তবে নোবেলের প্রত্যাবর্তন শুধু আনন্দই নয়, সাথে ফিরিয়ে এনেছে পুরনো বিতর্কও। এর আগে কুড়িগ্রামের একটি কনসার্টে মাতাল অবস্থায় মঞ্চে উঠলে দর্শকরা তাকে জুতা ছুড়ে মারে। সেই ঘটনাটি আবার আলোচনায় এসেছে নোবেলের নতুন ভিডিও প্রকাশের পর।
তবুও অনেকের বিশ্বাস, নোবেলের এই প্রত্যাবর্তন তার ভক্তদের পাশাপাশি দেশের বিনোদন জগতেও নতুন মাত্রা যোগ করবে। জেলের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর তার সংগীত যাত্রা কোন দিকে এগোয়, তা দেখার অপেক্ষায় এখন সবার চোখ।



