ভারতের রাজগিরে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কাজাখস্তানের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে লাল-সবুজরা শুধু টুর্নামেন্টেই নয়, বিশ্বকাপ বাছাইয়ের লড়াইটাও জিইয়ে রেখেছে।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আবারও গোল করেন তিনি। বিরতির আগে রোমান সরকারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ফের গোলের ঝড় তোলে লাল-সবুজরা। বিরতির পর মাত্র দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রোমান সরকারের দ্বিতীয় গোল আসে। এর এক মিনিট পর তৈয়ব আলীর ফিল্ড গোল স্কোরলাইন নিয়ে যায় ৫-০ তে। ৩৭ মিনিটে একটি গোল শোধ করে কাজাখস্তান, তবে তা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে এশিয়া কাপে বাংলাদেশ খেলবে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। আগামী রোববার বিকেল ৩টায় প্রতিপক্ষ হবে জাপান। সেই ম্যাচে জয় পেলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেবে জহিরুল ইসলাম রাজনের দল। তবে হেরে গেলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে লড়াই করতে হবে। অন্যদিকে, কাজাখস্তান নেমে যাবে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে, যেখানে প্রতিপক্ষ হবে চায়নিজ তাইপে।



