ম্যাচের ৮৬তম মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন পাকিস্তানের আদিল নবি। তাতেই ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ টমাস ডুলি যেমন তরুণ গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছিলেন, মিক্সড জোনে একই অবস্থান নেন হামজাও। সতীর্থদের দায়ী না করে তিনি বলেন, ‘আমরা কাউকে দোষ দিতে পারব না। মনে হয়, ওরা বিরতির সময় খেলার পরিকল্পনা বদলেছে। তারপরও ওরা মাত্র একটি সুযোগ তৈরি করেছে, আর আমরা দুটি দারুণ সুযোগ পেয়েছি। এটাই ফুটবল। একটিমাত্র সুযোগ পেয়েই ওরা গোল করেছে।’
হামজার বক্তব্যেই ম্যাচের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। প্রথমার্ধে ২৩ মিনিটে শামিত সোমের হেড থেকে বক্সের ভেতরে বল পেয়ে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রাকিব হোসেন। তবে তাঁর বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। ৪২ মিনিটে জিদান ইউসুফের পাস থেকে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন শুকি ইতোফুসা। অন্যদিকে, পুরো ম্যাচে হামজাকে কার্যত আটকে রাখার কৌশল নিয়েছিল পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোও স্বীকার করেন, হামজাকে বল পায়ে স্বাধীনভাবে খেলতে না দেওয়াই ছিল তাঁদের অন্যতম প্রধান পরিকল্পনা।
এদিকে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার সাদ উদ্দিনের অভাবও অনুভব করেছে বাংলাদেশ। রক্ষণভাগে তাঁর জায়গায় খেলেছিলেন রহমত মিয়া। ম্যাচ শেষে সাদ উদ্দিনকে মিস করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে হামজা সংক্ষেপে বলেন, ‘সাদ উদ্দিনকে সব সময়ই মিস করি।’



