শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও টস ভাগ্যে এগিয়ে থাকল বাংলাদেশ। কলম্বোর ঐতিহ্যবাহী এসএসসি মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটের প্রাথমিক আচরণ বিবেচনায় নিয়ে বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে সুবিধা নিতে চায়, কারণ ধারণা করা হচ্ছে খেলা যত গড়াবে, ততই উইকেট স্পিনারদের সহায়ক হয়ে উঠবে।
এই ম্যাচে ইনজুরির কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ। তার জায়গায় একাদশে ফিরেছেন এবাদত হোসেন। তবে সবচেয়ে বড় চমক—বাংলাদেশ তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে। দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যার অন্তর্ভুক্তিতে জায়গা হারিয়েছেন জাকের আলী। স্পিন আক্রমণে মিরাজের সঙ্গী হয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ নির্ধারণী এই ম্যাচে দুই দলই কিছু পরিবর্তন এনেছে। শ্রীলঙ্কা অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজের অবসরের পর তার স্থলাভিষিক্ত করেছে তরুণ সোনাল দিনুশাকে। দলটির অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা জানিয়েছেন, তিনি এই ম্যাচে ব্যাট করবেন চার নম্বরে। শ্রীলঙ্কা ম্যাচে নামছে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে।
বাংলাদেশের একাদশে আছেন: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা এবং এবাদত হোসেন।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, তারিন্দু রথনায়েকে, প্রভাত জয়সুরিয়া, বিশ্বা ফার্নান্ডো ও আসিথা ফার্নান্ডো।
প্রথম ম্যাচ ড্র হওয়ার পর সিরিজ জয়ের সমান সুযোগ রয়েছে দুই দলের সামনেই। তবে স্পিনবান্ধব এই উইকেটে বাড়তি স্পিনার নিয়ে খেলায় বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকতে চায়। এখন দেখার বিষয়, মাঠে এই পরিকল্পনা কতটা কার্যকর প্রমাণিত হয়।



