সাফল্য সব কিছুই বদলে দেয়—এই কথার প্রমাণ যেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা সুদীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে মাঠ, ড্রেসিংরুম ও জুনিয়রদের কাছে আদর্শ হয়ে আছেন। ছয় বিশ্বকাপে গোল করার ঐতিহাসিক নজিরও রয়েছে তাঁর। এবার সেই সম্মানে মার্কিন ক্রীড়া সামগ্রী সংস্থা নাইকি তাকে উপহার দিয়েছে বিশেষ সংস্করণের সোনালি বুট—‘গোল্ড স্করপিয়ন’। আজীবন নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ রোনালদো এই গোল্ড মার্কারিয়াল সুপারফ্লাই আরজিএন বুট ইতিমধ্যেই অনুশীলনে ব্যবহার করেছেন। আগামীকাল রোববার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে বিশেষ এই বুট পরে মাঠে নামতে পারেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, সোনালি ও সাদা রঙের দারুণ সংমিশ্রণে তৈরি এই বুটে রয়েছে ৩/৪-দৈর্ঘ্যের এয়ার জুম ইউনিট, পায়ের সাপোর্টের জন্য ফ্লাইওয়্যার প্রযুক্তি এবং বল নিয়ন্ত্রণে নরম আপার। বিশেষ সংস্করণের এই বুটের দাম ৩০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা। বুধবার বিশ্বব্যাপী বাজারজাত করা হয়েছে এই বুট।
এর আগের দিন উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে জয় পায় পর্তুগাল। সেই ম্যাচে জোড়া গোল করেন রোনালদো এবং ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপে গোল করার নজির গড়েন। বাকি গোলগুলো আসে নুনো মেন্দেস, রাফায়েল লেয়াও ও একটি আত্মঘাতী গোল থেকে। ম্যাচ শেষে রোনালদো বলেন, “দল খুব ভালো খেলেছে, আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ব্যক্তিগত রেকর্ড ভালো লাগে, কিন্তু আমার মূল লক্ষ্য সবসময় জাতীয় দলকে লক্ষ্য অর্জনে সাহায্য করা।”
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে গতকাল শুক্রবার দুপুরেই মায়ামিতে পা রেখেছেন রোনালদোসহ পুরো পর্তুগাল দল। সেখানে অনুশীলন শেষে তাদের লক্ষ্য এখন একটাই—রাউন্ড অফ ৩২-এ নামার আগে কলম্বিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া।



