পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের অবসর নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন। জানিয়েছেন, খুব শিগগিরই ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি। বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রোনালদো তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারিবারিক জীবন নিয়ে খোলামেলা কথা বলেন।
৪০ বছর বয়সী রোনালদো ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত করেছেন ৯৫২ গোল—যা তাকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের শীর্ষ সারিতে জায়গা দিয়েছে। ক্যারিয়ারের শেষভাগ স্পষ্ট হয়ে উঠলেও রোনালদো জানালেন, তিনি মানসিকভাবে বিদায়ের জন্য প্রস্তুত।
মরগ্যান যখন জানতে চান, কবে অবসরের কথা ভাবছেন, রোনালদো বলেন, “খুব শিগগির। তবে আমি মনে করি, আমি প্রস্তুত থাকব। এটা কঠিন হবে, অবশ্যই। হয়তো আমি কাঁদবও—আমি খুব খোলামেলা মানুষ। তবে হ্যাঁ, এটা খুবই কঠিন হবে।”
তিনি আরও জানান, অবসরের জন্য তিনি বহু বছর আগে থেকেই মানসিক ও পেশাগত প্রস্তুতি নিচ্ছেন—“২৫, ২৬ কিংবা ২৭ বছর বয়স থেকেই আমি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছি।”
সাক্ষাৎকারে মেসির সঙ্গে তুলনা নিয়েও কথা বলেন রোনালদো। সাংবাদিক মরগ্যান সরাসরি প্রশ্ন করলে যে অনেকেই মেসিকে তার চেয়ে বড় খেলোয়াড় মনে করেন, রোনালদো দৃঢ় কণ্ঠে বলেন, “আমি সেই মতের সঙ্গে একমত নই।”
সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হলে—যেখানে রুনি বলেছিলেন মেসি রোনালদোর চেয়ে শ্রেষ্ঠ—রোনালদোর শান্ত জবাব ছিল, “আমার কিছু যায় আসে না।”
সাক্ষাৎকারটিকে মরগ্যান রোনালদোর জীবনের সবচেয়ে ব্যক্তিগত সাক্ষাৎকার বলে মন্তব্য করেছেন।



