মিস ইউনিভার্স ২০২৫–এর মুকুট জিতে নিলেন মেক্সিকোর প্রতিনিধি ফাতিমা বশ, যিনি প্রতিযোগিতার শুরুতেই সঞ্চালকের কটাক্ষের শিকার হয়ে আলোচনায় আসেন। ২ নভেম্বর থাইল্যান্ডে শুরু হওয়া মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা সেরা ৩০–এ উঠলেও সেরা ১২–এ জায়গা করে নিতে পারেননি।
২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্যাংককে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল। বিভিন্ন ধাপ পেরিয়ে পাঁচ দেশের প্রতিযোগী—থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো এবং আইভরিকোস্ট—চূড়ান্ত রাউন্ডে ওঠেন। বিচারকদের দুটি করে প্রশ্নের উত্তরের ভিত্তিতেই নির্ধারণ করা হয় শিরোপা বিজয়ীকে, যেখানে সকলকে পিছনে ফেলে সেরা হন মেক্সিকোর ফাতিমা।
মূল প্রতিযোগিতা শুরুর আগে প্রিপ্যাজেন্টেশন অনুষ্ঠানে ঘটে বিতর্ক। সাধারণত আয়োজনকারী দেশের প্রচারণামূলক ভিডিওসহ আনুষ্ঠানিক ফটোশুট নির্দিষ্ট সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার নিয়ম থাকে। কিন্তু মিস ইউনিভার্স মেক্সিকো তা সময়মতো করতে না পারায় থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল তাকে সবার সামনে ‘ডাম্বহেড’ বলে অপমান করেন। উত্তরে ফাতিমা দৃঢ়ভাবে জানান, একজন নারী হিসেবে তিনি যথাযোগ্য সম্মান পাচ্ছেন না।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন সঞ্চালক নিরাপত্তা কর্মী ডেকে তাকে চাপে ফেলতে চান। তবে অন্যান্য প্রতিযোগীরা ফাতিমার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং সম্মিলিতভাবে হল ত্যাগ করেন। ঘটনাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল ফেসবুকে।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে ফাতিমা বলেন, একুশ শতকে নারী কোনোভাবেই কারও হাতের পুতুল হয়ে থাকতে পারে না। কাউকে ইচ্ছেমতো অপমান করা যায় না। তিনি এখানে এসেছেন বিশ্বব্যাপী নারীর প্রতিনিধিত্ব করতে; তাকে অসম্মান করা মানে সমগ্র নারী সমাজকে অসম্মান করা।



