এশিয়া কাপের নবম শিরোপা জিতেছে ভারত, কিন্তু এক মাস পেরিয়ে গেলেও এখনো মুম্বাইয়ে বিসিসিআই অফিসে পৌঁছায়নি বিজয়ের ট্রফি। এ নিয়ে ক্রমশ বিরক্তি বাড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে। অবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভিকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে বিসিসিআই—এই সময়ের মধ্যে ট্রফি ফেরত না এলে বিষয়টি আইসিসির সভায় তোলা হবে।
বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ৪ নভেম্বর দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক সভায় এই ট্রফি-সংকট প্রধান আলোচ্য হবে। তিনি বলেন, “এক মাস হয়ে গেছে, তবুও ট্রফি আমাদের হাতে আসেনি। দশ দিন আগে এসিসিকে চিঠি দিয়েছি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।” সাইকিয়া আশা প্রকাশ করেন, দুই দিনের মধ্যেই ট্রফি ভারতের কাছে পৌঁছাবে, তবে না হলে আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চেই বিষয়টি তুলবেন তারা।
তিনি আরও বলেন, “আমরা সব ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছি। রেকর্ডে সব পরিষ্কার—শুধু ট্রফিটাই অনুপস্থিত। ভারতবাসীকে বলতে চাই, ট্রফি এখনো আসেনি, কিন্তু নিশ্চয়ই আসবে।”
ঘটনার সূত্র ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। কিন্তু ট্রফি প্রদান মঞ্চে ভারতীয় দল এসিসি সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এরপর কোনো ব্যাখ্যা ছাড়াই ট্রফি সরিয়ে নেওয়া হয় এবং ভারতকে শিরোপা উদ্যাপন করতে হয় ট্রফি ছাড়াই।
বিসিসিআই জানায়, রাজনৈতিক কারণে পাকিস্তানের একজন মন্ত্রীর হাত থেকে ট্রফি নেবে না ভারত। তবে তারা অভিযোগ তোলে—ট্রফি ও মেডেলও যেন নকভি নিজের কাছে রেখে দেন। অন্যদিকে নকভি দাবি করেন, তিনি ট্রফি দিতে প্রস্তুত, তবে চান ভারতের প্রতিনিধি এসে তা গ্রহণ করুক।
টানাপোড়েন এখনো চলছে, আর বিসিসিআইয়ের নতুন চাপ এই ‘ট্রফি-ড্রামা’য় যুক্ত করেছে নতুন মাত্রা। এখন দেখার বিষয়—ভারতের হাতে ঠিক কবে ফিরবে সেই বহুল আলোচিত এশিয়া কাপ ট্রফি।



