২০২৫ সালের এশিয়া কাপকে ঘিরে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে সমর্থকদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এবারের আসরে অন্তত তিনবার দেখা হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর—গ্রুপ পর্বে, সুপার ফোরে এবং ভাগ্য সহায় হলে ফাইনালেও। তবে সাম্প্রতিক ডব্লিউসিএল (ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস) বিতর্কের কারণে কিছু সমর্থক শঙ্কায় ছিলেন যে, এই ম্যাচগুলো আদৌ হবে কি না।
এই সন্দেহ দূর করতে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচগুলো ঝুঁকিমুক্ত। ইসিবি’র প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুভান আহমেদ বলেন, “এশিয়া কাপকে ডব্লিউসিএলের মতো বেসরকারি টুর্নামেন্টের সঙ্গে তুলনা করা যাবে না। এখানে এমন কিছু ঘটবে না।”
ডব্লিউসিএল ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ ঘোষণা হওয়ার পর, ভারতের কিছু প্রাক্তন তারকা খেলোয়াড়—শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং হরভজন সিং—ম্যাচ থেকে সরে দাঁড়ান। ফলে আয়োজকদের ম্যাচটি বাতিল করতে হয়। এমনকি সেমিফাইনালেও ভারত পাকিস্তানের বিপক্ষে না খেলায় পাকিস্তান সরাসরি ফাইনালে চলে যায় এবং সেখানেও তারা দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়।
উল্লেখ্য, এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভেন্যু হিসেবে থাকছে দুবাই ও আবুধাবি। আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই ধরা হচ্ছে। বিশ্বকাপটি আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।



