আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এশিয়া কাপের গ্রুপ ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শরাফুর ঝড়ো অর্ধশতক আর জুনায়েদ সিদ্দিকীর বিধ্বংসী বোলিংয়ে ওমানকে ৪২ রানে হারিয়েছে তারা।
প্রথমে ব্যাট করে ইউএই তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান। ওপেনার ওয়াসিম ও শরাফু উদ্বোধনী জুটিতেই যোগ করেন ৮১ রান। শরাফু ৩৮ বলে ৫১ রানের দারুণ ইনিংস খেলেন, আর অধিনায়ক ওয়াসিম খেলেন ৬৯ রানের ইনিংস, যা তার ক্যারিয়ারের ২৪তম টি-টোয়েন্টি অর্ধশতক। এই ইনিংসেই তিনি প্রথম এমিরাতি ব্যাটার হিসেবে পেরিয়ে যান ৩ হাজার আন্তর্জাতিক টি–টোয়েন্টি রানের মাইলফলক। শেষদিকে হারশিত কৌশিকের ৮ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় ইউএই।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেই ভেঙে পড়ে ওমানের টপ অর্ডার। জুনায়েদ সিদ্দিকী প্রথম ওভারেই ফেরান আমির কালিমকে। নিজের পরের ওভারে সাজঘরে পাঠান ওমান অধিনায়ক যতীন্দ্র সিংকে (১০ বলে ২০)। এরপর হায়দার আলী ও মোহাম্মদ রোহিদের আঘাতে পাওয়ারপ্লের মধ্যেই ৫ উইকেট হারায় ওমান।
যদিও আরিয়ান বিষ্ট (২৪) ও ভিনায়ক শুক্লা (২০) কিছুটা প্রতিরোধ গড়েছিলেন, কিন্তু জাওয়াদুল্লাহ সেই জুটি ভেঙে দেন। এরপর আবারও জুনায়েদের আগুনঝরা বোলিং—একই ওভারে ফেরান শুক্লা ও হাসনাইন শাহকে। শেষ পর্যন্ত ৪ উইকেট নিয়ে ২৩ রানে বোলিং শেষ করেন তিনি।
অবশেষে ১৮.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয় ওমান। ফলে ৪২ রানের দাপুটে জয় তুলে নিয়ে এশিয়া কাপে প্রথম সাফল্যের স্বাদ পায় সংযুক্ত আরব আমিরাত।



