এশিয়ার মঞ্চে বাংলাদেশের নারী ফুটবলে গৌরবোজ্জ্বল এক অধ্যায়ের সূচনা হয়েছে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭-এর প্রিলিমিনারি স্টেজের ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রাজশাহী স্টার্স এফসি তাদের প্রতিপক্ষ জেনে নিয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি শুধু নিজেদের নয়, বরং বাংলাদেশের নারী ফুটবলের মর্যাদা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করবে। নাবিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে দেশের প্রথম প্রতিনিধি হয়ে মাঠে নামছে তারা।
ড্র অনুযায়ী, প্রিলিমিনারি স্টেজের গ্রুপ ‘এ’-তে রাজশাহী স্টার্সের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক মানের প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ করেছে দলটি—টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড় ও ব্যবস্থাপনা আগামী কয়েক সপ্তাহে নিবিড় অনুশীলন, প্রীতি ম্যাচ এবং প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করবে।
ক্লাব কর্তৃপক্ষ বাফুফে, খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক ও সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং দেশের সব ফুটবলপ্রেমীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছে। রাজশাহী স্টার্স এফসি বিশ্বাস করে, এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অগ্রযাত্রাকে গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলাদের জন্য নতুন অনুপ্রেরণা তৈরি করবে। ড্র-পরবর্তী প্রতিক্রিয়ায় ক্লাবের প্রেসিডেন্ট মোখছেদুল কামাল বাবু বলেন, ‘আমরা রাজশাহী স্টার্স এফসি হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামব। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের অঙ্গীকার।’



