রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেসরকারি এলপিজির তুলনায় সরকারি এলপি গ্যাসের দাম কম থাকায় বাজারে ক্রসফিলিংয়ের ঘটনা বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে দাম বাড়ানোর আবেদন করা হয়েছে।
এর আগেও রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তখন ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয়, পরিচালন ব্যয় ও বিভিন্ন চার্জ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরা হয়েছিল। তবে সেই সময় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রস্তাবটি অনুমোদন না দিয়ে নাকচ করে দেয়।



