গুগলের এআই চ্যাটবট জেমিনি নিয়ে এসেছে নতুন ও চমকপ্রদ ফিচার, যা ব্যবহারকারীদের জন্য প্রেজেন্টেশন তৈরি আরও সহজ করে তুলবে। এখন মাত্র কয়েকটি নির্দেশনা লিখলেই জেমিনি স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ গুগল স্লাইডস প্রস্তুত করে দেবে। ব্যবহারকারী যে বিষয়টি উল্লেখ করবেন, জেমিনি সেটি বিশ্লেষণ করে প্রতিটি স্লাইডে শিরোনাম, মূল তথ্য ও উপসংহার সাজিয়ে দেবে—একেবারে পেশাদার মানে। ফলে প্রেজেন্টেশন তৈরিতে সময় ও শ্রম দুটোই বাঁচবে।
ব্যবহারের ধাপও খুব সহজ: প্রথমে জেমিনিতে লগইন করতে হবে। এরপর ক্যানভাস টুল খুলে একটি প্রম্পট লিখতে হবে, যেমন— “জলবায়ু পরিবর্তন নিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করো”। তারপর জেমিনি স্বয়ংক্রিয়ভাবে স্লাইড তৈরি করে দেবে। এর মাধ্যমে শিক্ষামূলক, ব্যবসায়িক বা মার্কেটিং, পণ্য ও সেবা পরিচিতি, ব্যক্তিগত প্রোফাইলসহ বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন কয়েক মিনিটেই তৈরি করা সম্ভব।
আগে যেখানে একটি মানসম্মত প্রেজেন্টেশন তৈরি করতে দীর্ঘ সময় লাগত, সেখানে জেমিনির এআই প্রযুক্তির কারণে এখন তা অনেক দ্রুত ও দক্ষভাবে করা যায়। এছাড়া ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়েও নিশ্চিত করেছে গুগল। তৈরি করা স্লাইড ব্যবহারকারী চাইলে অফলাইনে সংরক্ষণ বা শেয়ারও করতে পারবেন। সব মিলিয়ে, এই নতুন ফিচারটি শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে পেশাজীবীদের কাজকে করবে আরও সহজ, দ্রুত ও কার্যকর।



