অর্থ আত্মসাৎ, শিডিউল ফাঁসানো ও মিথ্যাচারের অভিযোগকে কেন্দ্র করে অভিনেত্রী তানজিন তিশা এবং কলকাতার সিনেমা ভালোবাসার মরশুম–এর প্রযোজক শরীফ খান–এর দ্বন্দ্ব এবার আদালত পর্যন্ত গড়াচ্ছে। ভুয়া অজুহাত ও অসত্য তথ্য প্রচারের অভিযোগ তুলে তিশার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ভারতীয় এই প্রযোজক।
সম্প্রতি তিশার একটি ভয়েস রেকর্ড কালবেলায় ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর মধ্যেই বুধবার (২৬ নভেম্বর) প্রযোজক শরীফ খান নিশ্চিত করেন যে তিনি খুব শিগগিরই তিশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধৈর্য ধরেছি। ভদ্রভাবে টাকা ফেরত চাইলেও তিনি উল্টো মিথ্যাচার করছেন। আমার কাছে সব প্রমাণ থাকা সত্ত্বেও তিনি নিজেকে নির্দোষ দেখিয়ে আমাকে অপেশাদার বানানোর চেষ্টা করছেন। আর অপেক্ষা করব না—তার বিরুদ্ধে মামলা দায়ের করব।’
প্রযোজক জানান, সিনেমার চুক্তিভঙ্গ, আর্থিক ক্ষতি এবং মানহানির অভিযোগে তিনি এই মামলা করতে যাচ্ছেন। তার ভাষায়, ‘চুক্তির সময় তাকে সাড়ে ৪ লাখ টাকা দেওয়া হয়েছিল। তা ফেরত দেননি, বরং শিডিউল পেছানো ও অন্য কাজের অজুহাতে আমার প্রজেক্টের বড় ক্ষতি করেছেন। ভিসার দায়িত্ব নিজেই নেবেন বলেছিলেন, এখন সব দোষ আমার ওপর চাপাচ্ছেন। তাই আইনি পথেই বিচার চাই।’
এদিকে এর আগে তানজিন তিশা দাবি করেছিলেন, প্রযোজক ভিসা করাতে ব্যর্থ হওয়ায় তিনি কাজটি করতে পারেননি এবং তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ‘ফালতু’। তবে ফাঁস হওয়া অডিওতে তাঁকে শাকিব খানের সিনেমার শুটিংকে অগ্রাধিকার দিতে কলকাতার শিডিউল পেছানোর কথা বলতে শোনা যায়। এই অডিও প্রকাশ্যে আসার পর প্রযোজকের মামলার হুঁশিয়ারি তিশার জন্য নতুন আইনি জটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



