মেসেজ পাঠানোর পাশাপাশি এবার সরাসরি টাকা পাঠানোও সম্ভব হোয়াটসঅ্যাপ থেকে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ যুক্ত করেছে নতুন সুবিধা—হোয়াটসঅ্যাপ পে, যার মাধ্যমে অন্য কোনো অ্যাপ ছাড়াই সহজে টাকা পাঠানো ও গ্রহণ করা যাবে। এক কথায়, যেভাবে পরিচিত কাউকে মেসেজ পাঠান, একইভাবে এখন অর্থ লেনদেনও করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ পে ব্যবহার শুরু করতে প্রথমেই অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। এজন্য Payments অপশনে গিয়ে ইউপিআই (UPI)–এর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে এবং ইউপিআই আইডি ও নিরাপদ পিন সেট করতে হবে। এরপর টাকা পাঠাতে চাইলে সেই ব্যক্তির সঙ্গে চ্যাট খুলে Payment অপশন নির্বাচন করুন, পেমেন্ট অ্যামাউন্ট লিখে ইউপিআই পিন দিয়ে লেনদেনটি কনফার্ম করুন। গ্রহণকারী ব্যক্তি যদি হোয়াটসঅ্যাপ পে সেটআপ করে রাখেন, তাহলে টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
নিরাপত্তার দিক থেকেও হোয়াটসঅ্যাপ পে বেশ শক্তিশালী। প্রতিটি লেনদেন সুরক্ষিত থাকে ইউপিআই পিন ও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে—যেমনটি আপনার ব্যক্তিগত মেসেজেও থাকে। ফলে লেনদেন থাকে সম্পূর্ণ নিরাপদ ও ব্যক্তিগত।
ভারতে পরীক্ষামূলকভাবে চালুর পর অল্প সময়েই হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করেছেন ১০ কোটিরও বেশি মানুষ। ভারতের ন্যাশনাল পেমেন্ট করপোরেশন (NPCI) সম্প্রতি এর ওপর থাকা নানা সীমাবদ্ধতা সরিয়ে নেওয়ায় এখন আরও বেশি ব্যবহারকারী এই সুবিধা পাবেন। দৈনন্দিন লেনদেনের জন্য এটি হয়ে উঠতে পারে সবচেয়ে সহজ ও দ্রুত মাধ্যম—তাও আবার আপনার ব্যবহৃত চ্যাট অ্যাপ থেকেই।



