মহাজাগতিক এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। সৌরজগতের ছয়টি গ্রহ আকাশে একই সরলরেখায় অবস্থান করতে দেখা যাবে—যা জ্যোতির্বিদদের ভাষায় ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহসমাবেশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর পশ্চিম আকাশে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে। বাংলাদেশ থেকেও খালি চোখে এর বেশিরভাগ অংশ দেখা সম্ভব হবে, আর দূরবীন বা ছোট টেলিস্কোপ ব্যবহার করলে পুরো দৃশ্য আরও স্পষ্ট হয়ে উঠবে।
বিশেষজ্ঞদের মতে, সূর্যাস্তের প্রায় ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে পশ্চিম আকাশে সারিবদ্ধভাবে দৃশ্যমান হবে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আকাশের তুলনামূলক সংকীর্ণ অংশে এদের অবস্থানই তৈরি করবে দৃষ্টিনন্দন এই গ্রহশোভাযাত্রা। শুক্র, বৃহস্পতি ও শনিকে সহজেই খালি চোখে দেখা যাবে। তবে বুধ দিগন্তের খুব নিচুতে অবস্থান করায় পরিষ্কার দিগন্তরেখা না থাকলে সেটি দেখা কঠিন হতে পারে। অন্যদিকে ইউরেনাস ও নেপচুন দেখতে দূরবীন বা ছোট টেলিস্কোপের প্রয়োজন হবে।
বৃহস্পতি তুলনামূলক উজ্জ্বল হয়ে আকাশের বিপরীত প্রান্তে দৃশ্যমান হবে, আর শনি অবস্থান করবে শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি। সূর্যাস্তের কিছু সময় পরই কয়েকটি গ্রহ ধীরে ধীরে দিগন্তের নিচে নেমে যাবে, তাই নির্ধারিত সময়ের মধ্যেই পর্যবেক্ষণ করাই উত্তম।
বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি মূলত একটি দৃষ্টিভ্রমজনিত বিন্যাস। বাস্তবে গ্রহগুলো একে অপরের থেকে লক্ষ-কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। তবে পৃথিবী থেকে দেখলে মনে হয় তারা যেন একই সরলরেখায় অবস্থান করছে। এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহ এক লাইনে দেখা গিয়েছিল। জ্যোতির্বিদদের মতে, এমন পূর্ণাঙ্গ সমাবেশ ২০৪০ সালের আগে আর দেখা যাবে না। উত্তর গোলার্ধে অবস্থানকারী দেশগুলো থেকে এ দৃশ্য তুলনামূলকভাবে আরও স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।



