নব্বইয়ের দশকে বাংলা রক সংগীতের যে উন্মাদনা শ্রোতাদের মাতিয়ে রাখত, সেই আবহ আবারও ফিরতে যাচ্ছে ঢাকার মঞ্চে। দীর্ঘ বিরতির পর একই কনসার্টে পারফর্ম করবেন নগর বাউলের জেমস ও আর্কের হাসান। তাঁদের পাশাপাশি দেশের জনপ্রিয় কয়েকটি রক ব্যান্ডের পরিবেশনায় আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীত আয়োজন ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’।
ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আয়োজিত এই কনসার্টে জেমস ও হাসানের পাশাপাশি মঞ্চ মাতাবে নগর বাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আয়োজনটির উদ্যোক্তা অ্যাডভেন্টর কমিউনিকেশনস। এ ছাড়া ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন গিটারিস্ট ওনি হাসান। তিনি একক পরিবেশনাও করবেন। সংগীতশিল্পী একে রাহুলও এই আয়োজনে পারফর্ম করবেন বলে জানা গেছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। গত সোমবার থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।
২০২২ সালে যাত্রা শুরু করে ‘রক এন রিদম’ কনসার্ট সিরিজ। প্রথম আসরের পর ২০২৩ সালে দ্বিতীয় ও তৃতীয় আসর এবং ২০২৪ সালে চতুর্থ আসর অনুষ্ঠিত হয়। ধারাবাহিকতার অংশ হিসেবে এবার পঞ্চম আসরকে আরও বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা।
আয়োজকদের প্রত্যাশা, এই কনসার্ট দেশের রক ও মেটাল সংগীতের শিল্পীদের সঙ্গে শ্রোতাদের সংযোগ আরও দৃঢ় করবে। পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের পরিবেশনায় দর্শকরা ফিরে পাবেন বাংলা রক সংগীতের সোনালি সময়ের স্মৃতি। একই মঞ্চে জেমস ও হাসানের উপস্থিতি রকপ্রেমীদের মধ্যে নব্বইয়ের দশকের সেই উন্মাদনা নতুন করে জাগিয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।



