ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়লেন ইন্দোনেশিয়ার ডানহাতি পেসার গেদে প্রিয়ন্দানা। কাম্বোডিয়ার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি এক ওভারেই তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৫টি উইকেট। নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট শিকারের এটিই প্রথম ঘটনা।
ম্যাচটি যখন কাম্বোডিয়ার দিকে হেলে পড়ছিল, ঠিক তখনই বল হাতে আক্রমণে এসে অবিশ্বাস্য এক ভেলকি দেখান ২৮ বছর বয়সী এই বোলার। ইনিংসের এক পর্যায়ে কাম্বোডিয়ার প্রয়োজন ছিল ৫ ওভারে ৬২ রান। প্রিয়ন্দানা তাঁর প্রথম ওভারেই প্রথম তিন বলে তুলে নেন হ্যাটট্রিক। চতুর্থ বলটি ডট হলেও পঞ্চম বলে ফের উইকেট পান তিনি। এরপর একটি ওয়াইড দিলেও ওভারের শেষ বলে আরেকটি উইকেট শিকার করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখান তিনি। এর আগে ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের আল-আমিন হোসেন ও ভারতের অভিমন্যু মিঠুন এক ওভারে পাঁচ উইকেট নিলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই প্রথম।
প্রিয়ন্দানার এই বিধ্বংসী বোলিংয়ে কাম্বোডিয়া মাত্র ১০৭ রানে অলআউট হয়ে যায় এবং ইন্দোনেশিয়া ৬০ রানের বিশাল জয় পায়। বল হাতে ইতিহাসের অংশ হওয়ার আগে প্রিয়ন্দানা ব্যাট হাতেও অবদান রাখেন। তবে ব্যাটিংয়ে মূল নায়ক ছিলেন ধর্মা কেসুমা, যিনি ১১০ রানের এক অনবদ্য শতক হাঁকান। টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে এক ওভারে চার উইকেট পাওয়াকেই বিরল ধরা হতো, সেখানে এক ওভারে পাঁচ উইকেট নিয়ে প্রিয়ন্দানা বিশ্ব ক্রিকেটে নতুন এক মাইলফলক স্থাপন করলেন।



