দেশের অভিনয় অঙ্গনের তিন কিংবদন্তি শিল্পী—দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর—এবার এক ফ্রেমে ধরা দেবেন। ‘দাদি ভয়ংকর’ নামের নাটকে এই তিনজন একসঙ্গে অভিনয় করেছেন, যা রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির। প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক-নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নাটকটির গল্প নির্মিত হয়েছে। এরই মধ্যে শুটিং সম্পন্ন হয়েছে।
নির্মাতা জানান, ইন্টারনেটের ভালো ও খারাপ উভয় দিকই নাটকে দেখানো হয়েছে, তবে ভালো দিকটি ব্যবহারে দর্শকদের উৎসাহিত করা হয়েছে গল্পের মাধ্যমে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবুল হায়াত বলেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। নির্মাতা সেটা করতে পেরেছেন।’
দিলারা জামান বলেন, ‘প্রযুক্তি আমাদের যতোটা স্বচ্ছন্দ দিচ্ছে, ঠিক ততোটা বিপদও ডেকে আনছে। সেই ব্যাপারে নাটকের মধ্য দিয়ে সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে। খুব ভালো লেগেছে একসঙ্গে একই নাটকে অভিনয় করে। আমার তো বারবার সেই “শেষ পত্র”-এর দিনগুলোর কথা মনে পড়ছিলো।’ ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, যার মধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা, হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করাটা যে কত ভালোলাগার বিষয়, তা ভাষায় প্রকাশের নয়।’
তিন কিংবদন্তির সঙ্গে এ নাটকে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে, যা দর্শকদের জন্য এক বিশেষ উপহার হয়ে থাকবে।



