সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময়ের ভয়াবহ অভিজ্ঞতা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে এক শিক্ষার্থী আদিভ বলেন, “বিমানটি যখন আমাদের বিল্ডিংয়ের ওপর পড়ে তখন আমরা একপাশ দিয়ে নামা শুরু করি। সিঁড়ি দিয়ে যে যেভাবে পেরেছে, সে সেভাবেই নেমেছে। একটু পরেই স্কুল ছুটি হতো, ওই ভবনে তখন সবাই ছিল।”
আদিভ জানান, নবম শ্রেণি থেকে সেকেন্ড ইয়ার পর্যন্ত শিক্ষার্থীরা ১, ৪, ৫ ও ৭ নম্বর ভবনে ক্লাস করে, এবং তারা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। তিনি নিজে ১ নম্বর ভবনে ছিলেন, কিন্তু বিমানটি বিধ্বস্ত হয় সেই ভবনে, যেখানে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান জানান, বিমানটি দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ঘটনার সময় মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে শিক্ষার্থীদের ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনার খবর শুনে উদ্বিগ্ন অভিভাবকরা তড়িঘড়ি করে ছুটে যান কলেজে।



