দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ–২০২৬ এর গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। কনমেবল আয়োজিত এই ড্রয়ে গ্রুপ ‘বি’-তে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল, যেখানে তাদের সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। একই গ্রুপে আরও রয়েছে পেরু, ইকুয়েডর ও বলিভিয়া। টুর্নামেন্টের স্বাগতিক দেশ হিসেবে প্যারাগুয়েকে নির্বাচন করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
অন্যদিকে গ্রুপ ‘এ’-তে পড়েছে স্বাগতিক প্যারাগুয়ে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, চিলি ও উরুগুয়ে। দুই গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ছয় দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। ফাইনাল রাউন্ড শেষে সেরা চারটি দল সরাসরি সুযোগ পাবে ২০২৬ সালের ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে অংশগ্রহণের।
আগামী বছরের ৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে এই দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র চ্যাম্পিয়ন ব্রাজিল, যারা মোট ১০ বার শিরোপা জিতেছে—২০০৪, ২০০৬, ২০০৮, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে।
টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে কোচ কামিলা অরল্যান্ডোর অধীনে একাধিক প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। নভেম্বরে আর্জেন্টিনার ইজেইজা শহরে স্বাগতিক আর্জেন্টিনার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর প্যারাগুয়েকে ৭–০ ব্যবধানে উড়িয়ে দেয় সেলেসাওরা। এর আগে অক্টোবরে গয়ানিয়ায় মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে ৩–০ ও ১–০ ব্যবধানে জয় পেলেও আরেক ম্যাচে ১–০ গোলে পরাজয়ের মুখে পড়ে ব্রাজিল।



