সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই চলছে। প্রথম ৪১ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যায় ভারত। পেয়ারি জাজা করেন গোলটি। সুরভী পেয়ারি জাজাকে আটকাতে ছুটে গেলেও ব্লক করতে পারেননি। উল্টো বল সুরভীর গায়ে লেগে দিক পরিবর্তন করে। বাংলাদেশি গোলকিপার মিলি অনেকটাই সামনে এগিয়ে থাকায় বলটি তাঁর মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়। এই গোলে ভারত ১-০ তে এগিয়ে যায়। তবে হতাশ হতে হয়নি বাংলাদেশের সমর্থকদের বেশিক্ষণ। কারণ ভারতের গোলের মাত্র চার মিনিট পরই সমতা ফিরিয়ে নেয় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে আনিকার কাছ থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়ে দেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ঋতুপর্ণা নেন একটি দারুণ কোনাকুনি শট। বল ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। এই গোলের মধ্য দিয়ে ম্যাচে সমতা ফিরে আসে এবং হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হয় বাংলাদেশের ভক্ত-সমর্থকদের মনে। উত্তেজনায় ভরা এই ফাইনালে এখন দ্বিতীয়ার্ধের দিকে সবার নজর, বাংলাদেশ কি ইতিহাস গড়ে টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হতে পারে?



