সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি পুরোনো ছবি, যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। অনেকেই প্রথম দেখায় ভেবেছেন, এটি হয়তো তার ছাত্রজীবনের কোনো মুহূর্ত। তবে বাস্তবতা একটু ভিন্ন। সে সময় তিনি ছাত্র নন, বরং শিক্ষক ছিলেন।
নব্বইয়ের দশকে কোচিং সেন্টারে শিক্ষক ও ছাত্রদের মধ্যে একধরনের আন্তরিক সম্পর্ক গড়ে উঠত, যার স্মৃতিচিহ্ন হয়ে থাকত একসঙ্গে তোলা ছবি। ঠিক তেমনই এক মুহূর্তে মোশাররফ করিমকেও দেখা গেছে তার ছাত্রদের সঙ্গে ফ্রেমবন্দি অবস্থায়। সেই ছবিই আজ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
সে সময় তিনি পড়াতেন বাংলা, ঢাকার বিখ্যাত কোচিং সেন্টার ‘ই-হক’-এ। ছাত্রদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘শামীম স্যার’ নামে। ভাইরাল ছবির নিচে বহু সাবেক ছাত্র স্মৃতিচারণ করে মন্তব্য করেছেন—‘আমিও ওনার ছাত্র ছিলাম’ কিংবা ‘শামীম স্যার খুব ভালো বাংলা পড়াতেন’।
শুধু সাধারণ ছাত্র নয়, জনপ্রিয় গায়িকা কনাও ছিলেন তার ছাত্রী। এক সাক্ষাৎকারে কনা জানান, “আমি যে কোচিংয়ে পড়তাম, সেখানে মোশাররফ করিম ভাইয়া পড়াতেন। আমরা তাকে ‘শামীম ভাই’ বলে ডাকতাম। তখন তো ভাবতেও পারিনি, তিনি একদিন এত বড় অভিনেতা হবেন। তবে তিনি ছিলেন বেশ রাগী শিক্ষক।”
১৯৭১ সালের ২২ আগস্ট বরিশালের গৌরনদী উপজেলায় জন্ম মোশাররফ করিমের। পড়াশোনার পাশাপাশি জীবনের এক পর্যায়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। নিজের সাক্ষাৎকারেও তিনি একাধিকবার উল্লেখ করেছেন সেই সময়ের অভিজ্ঞতা।



