এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের ম্যাচ এবং ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) রবি আজিয়াটা পিএলসি এক বছরের জন্য তাকে তাদের নতুন শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করে। এই আয়োজনে হামজা কথা বলেন ফুটবল ও বাংলাদেশের প্রতি তার ভালোবাসা নিয়ে।
ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হামজা বলেন, “ইনশাআল্লাহ আমরা ভারতের বিপক্ষে জিতব।” এটি তার তৃতীয় বাংলাদেশ সফর। প্রতিবারই এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তদের ভালোবাসায় অভিভূত হন তিনি। হামজা জানান, তার সন্তানরাও এখন বাংলাদেশে ফিরতে চায়, কারণ তারা দেখছে তাদের বাবাকে ঘিরে মানুষের আন্তরিকতা ও উচ্ছ্বাস। তিনি বলেন, “আমি যে ভালোবাসা পাই, তা আমি খুব ভালোভাবে লালন করি এবং চেষ্টা করি সেই ভালোবাসা সবার সঙ্গে ভাগাভাগি করতে। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার সন্তানেরা বলে, তারা আবার বাংলাদেশে ফিরতে চায়। ইনশাআল্লাহ, ওরা মার্চে আবার আসবে।”
বাংলাদেশকে গর্বিত করতে পারাকে জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন হামজা। তিনি বলেন, “আমার বাবা এই দেশেই জন্মেছেন ও বড় হয়েছেন। তাদের মুখে হাসি দেখতে পাওয়াটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে, আর আমি মনে করি আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারি।”



