ফুটবল বিশ্বকাপ কি পুঁজিবাদের বলি হতে চলেছে? এমন এক চাঞ্চল্যকর খবর ফুটবল বিশ্বে ঝড় তুলেছে। অভিযোগ উঠেছে যে বর্তমান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বড় বড় বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করার চেষ্টা করছেন।
এই খবর জানার পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী ও বিভিন্ন সমর্থক সংগঠন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা আশঙ্কা করছেন যে এমনটা হলে বিশ্বকাপের আসল উন্মাদনা ও আবেগ ধনিক শ্রেণীর দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং সাধারণ ফুটবল ভক্তদের খেলাটির সাথে সম্পর্ক আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ফুটবল প্রেমীদের স্বার্থরক্ষার দাবিতে বিশ্বজুড়ে সমর্থকদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে একটি গণপিটিশন চালু করা হয়েছে। এই পিটিশনে এই বিতর্কিত পদক্ষেপের তীব্র নিন্দা করা হয়েছে এবং সাথে সাথে বর্তমান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়েছে। এখন দেখার বিষয় ফুটবল কমিউনিটির এই ঐক্যবদ্ধ দাবি কতটুকু সাড়া ফেলে।



