
ইতালি থেকে পোল্যান্ড যাওয়ার পথে প্রায় ৪ লাখ ১৩ হাজার পিস বিশেষ এডিশনের ফর্মুলা ওয়ান (F1) কিটক্যাট বোঝাই একটি ট্রাক নিখোঁজ হয়েছে। সুইজ খাদ্য জায়ান্ট নেসলে নিশ্চিত করেছে যে, এই চালানে প্রায় ১২ টন চকলেট ছিল। বর্তমানে ইউরোপীয় কর্তৃপক্ষ এই দুঃসাহসিক চুরির তদন্ত করছে।
নিখোঁজ হওয়া এই চকলেটগুলো সাধারণ কিটক্যাটের মতো নয়; এগুলো মূলত ফর্মুলা ওয়ানের সাথে কিটক্যাটের নতুন পার্টনারশিপ উপলক্ষে তৈরি বিশেষ কার-শেপড চকলেট। বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত মূল্যবান এই পণ্যগুলো একটি বিশাল এবং সুপরিকল্পিত চালানের অংশ ছিল, যা মাঝপথেই গায়েব হয়ে যায়।
নেসলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি চকলেটের প্যাকেটে থাকা ইউনিক ব্যাচ কোড দেখে এগুলো শনাক্ত করা সম্ভব। তবে এখনো পর্যন্ত ট্রাক বা চকলেটের কোনো হদিস পাওয়া যায়নি। কোম্পানিটি বর্তমানে ইউরোপে পণ্য পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এই পণ্যগুলো কোথাও দেখা গেলে তা রিপোর্ট করতে অনুরোধ করেছে।
