ইউরোপের বিভিন্ন দেশে বুধবার (১২ আগস্ট) বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। চাঁদ পুরোপুরি সূর্যকে আড়াল করে ফেলায় কয়েক মিনিটের জন্য দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার নেমে আসে। রাশিয়ার উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড পেরিয়ে সূর্যগ্রহণের পূর্ণতা পৌঁছায় আইসল্যান্ডে। এরপর তা ইউরোপের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হয়।
আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে দীর্ঘ সময় পর পূর্ণ সূর্যগ্রহণের বিরল দৃশ্য দেখা যায়। দেশটির কেফলাভিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে পূর্ণ অন্ধকার নেমে আসে। আইসল্যান্ডের পশ্চিমাঞ্চলে সূর্যগ্রহণ প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ড স্থায়ী হয়। রেইকিয়াভিকে স্থায়িত্ব ছিল এক মিনিটের কিছু বেশি।
এরপর স্পেনের বিভিন্ন এলাকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। দেশটিতে এক শতাব্দীরও বেশি সময় পর এমন বিরল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেন মানুষ। স্পেনের পাশাপাশি পর্তুগালের কিছু এলাকাতেও পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। ইউরোপের আরও কয়েকটি দেশে অবশ্য আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হয়।
পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়। ফলে সূর্যের বাইরের আবরণ বা করোনা দৃশ্যমান হয়ে ওঠে। কয়েক মিনিটের জন্য চারপাশে অস্বাভাবিক অন্ধকার ও গোধূলির মতো পরিবেশ তৈরি হয় এবং তাপমাত্রাও কিছুটা কমে যায়।
বিরল এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে আইসল্যান্ড ও স্পেনসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ জড়ো হন। সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে অনেক পর্যটকও বিশেষভাবে এসব দেশে ভ্রমণ করেন।
আগামী বছর, ২০২৭ সালের আগস্টে, স্পেনের দক্ষিণাঞ্চল ও উত্তর আফ্রিকার ওপর দিয়ে আরও একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাওয়ার কথা রয়েছে।



