জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের পরিবারে আবারও বাজল বিয়ের সানাই। বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ের তিন বছর পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁর ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এই খুশির সংবাদটি নিজেই জানিয়েছেন আসিফ।
আসিফ আকবর জানান, তাঁর ছোট ছেলে রুদ্রর জীবনসঙ্গিনী হয়েছেন বাদল শাহরিয়ারের কন্যা লামিয়া তানজিম শ্রেয়সী। এই বিয়ের মাধ্যমে এবার গায়কের আত্মীয়তার সম্পর্ক তৈরি হলো ব্রাহ্মণবাড়িয়ায়। নবদম্পতির সুন্দর ও সুখী ভবিষ্যৎ কামনা করে আসিফ সবার কাছে দোয়া চেয়েছেন।
তবে ছোট ভাইয়ের এই বিশেষ দিনে উপস্থিত থাকতে পারেননি বড় ভাই শাফকাত আসিফ রণ এবং তাঁর স্ত্রী ঈশিতা। রণ বর্তমানে কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি বিভাগে কর্মরত থাকায় ছুটি পাননি এবং বড় বৌমা ঈশিতার পরীক্ষা থাকায় তাঁরা সশরীরে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। প্রিয়জনদের অনুপস্থিতিতে কিছুটা মনখারাপ থাকলেও জীবনের স্বাভাবিক নিয়ম মেনে হাসি-খুশিতেই ছোট ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই সংগীত তারকা।



