
ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাজ্যের ‘Asha’s’ রেস্তোরাঁ কর্তৃপক্ষ। ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
২০০২ সালে ‘Asha’s’ রেস্তোরাঁর যাত্রা শুরু করেন আশা ভোঁসলে। দুবাইয়ে প্রথম শাখা চালুর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এটি বিস্তৃত হয়। পরে ২০০৬ সালে যুক্তরাজ্যের Birmingham-এ প্রথম শাখা চালু হয়, যা দ্রুতই জনপ্রিয়তা পায়।
রেস্তোরাঁটির ম্যানেজার নওমান ফারুকি বলেন, “তিনি আমাদের কাছে শুধু একজন আইকন ছিলেন না, পরিবারের একজন ছিলেন।” তিনি জানান, এত খ্যাতি থাকা সত্ত্বেও আশা ভোঁসলে ছিলেন অত্যন্ত সাধারণ ও আন্তরিক, সবসময় কর্মীদের ও তাদের পরিবারের খোঁজখবর রাখতেন।
তিনি আরও বলেন, আশা ভোঁসলে নিয়মিত বার্মিংহাম শাখায় আসতেন এবং রেস্তোরাঁর মান উন্নয়নে সরাসরি যুক্ত থাকতেন। “তিনি শুধু নিজের নাম ব্যবহার করেননি, বরং নিশ্চিত করতেন তাঁর রান্নার মান যেন প্রতিটি শাখায় একই থাকে,” বলেন ফারুকি।
বিশ্বখ্যাত এই রেস্তোরাঁটি আন্তর্জাতিক তারকাদের আড্ডাস্থল হিসেবেও পরিচিত ছিল। টম ক্রুজ, পিংক এবং এড শীরেন-সহ অনেক তারকা এখানে সময় কাটিয়েছেন।
দুইবারের গ্র্যামি মনোনীত এই শিল্পীর শেষকৃত্য সোমবার মুম্বাইয়ের শিবাজি পার্ক-এ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে আশা ভোঁসলে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ভারতীয় সংগীতের এক অনন্য উচ্চতায়। তাঁর মৃত্যুতে সংগীতজগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।


