রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ঢল। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের শিল্পীরাও একে একে মুখ খুলছেন। এবার প্রতিবাদের কণ্ঠে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খায়রুল বাসার লিখেছেন, “আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হতে পারল না। যারা জীব-জন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের উসিলায়। এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।”
তিনি আরও লেখেন, “যেখানেই অন্যায় দেখবেন, দয়া করে মুখ খুলুন। মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন, মানবতা দেখান, আইনের আশ্রয় নিন। বারবার ব্যর্থ হলেও আইনের ওপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।”
খায়রুল বাসার ছাড়াও আরও অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ অনেকে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
উল্লেখ্য, পুরান ঢাকায় প্রকাশ্যে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়, যেটি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পুলিশ জানিয়েছে, চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে, এবং এই ঘটনায় বিএনপির যুব সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া গেছে। যুবদল ইতোমধ্যে অভিযুক্তদের বহিষ্কার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও একজন এজাহারভুক্ত আসামিকে। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে সম্পন্ন করা হবে।
এই বর্বর ঘটনাটি সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে এবং মানুষ ন্যায়বিচারের প্রত্যাশায় প্রতিদিন সোচ্চার হয়ে উঠছে।



