আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করবে সেপ্টেম্বর উইন্ডোতে। আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলা এবং ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে নামবে তারা। ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা বাছাইপর্ব শেষে প্রীতি ম্যাচ খেলতে নামবে। সেই লক্ষ্যে অক্টোবরের দুটি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (এএফএ)।
বাছাইপর্ব শেষে প্রীতি ম্যাচে আবারও ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এরপর ১৩ অক্টোবর তাদের প্রতিপক্ষ হবে ফিফা র্যাঙ্কিংয়ের ১৫৭তম স্থানে থাকা পুয়ের্তো রিকো। দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে। এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই প্রীতি ম্যাচগুলো আয়োজন করা হয়েছে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, আর পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে শিকাগোর সোলজার ফিল্ডে।
এছাড়া, নভেম্বরেও আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে। ভারতের কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান নিশ্চিত করেছেন, এই ম্যাচে লিওনেল মেসিও খেলবেন। ম্যাচটি আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
ভারতে মেসিদের আগমন নিশ্চিত হওয়ার পর থেকেই সমর্থকদের মনে প্রশ্ন জাগছে—স্কালোনির দলের প্রতিপক্ষ হবে কে? দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম শোনা যাচ্ছে।



