বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার থ্রিলার জয়ের পর নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে সাইবার হামলার ঘটনা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের একটি প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই একাধিক বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে। এই ঘটনার পেছনে মিশরীয় হ্যাকারদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ বার্তাগুলোতে আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
এএফএ’র অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো ই-মেইলগুলোতে মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচের রেফারিং নিয়ে কঠোর সমালোচনা করা হয়। বার্তাগুলোতে দাবি করা হয়, ম্যাচের ফল এসেছে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের’ কারণে এবং লেখা হয়, ‘আর্জেন্টিনা জেতেনি।’ এছাড়াও মিশর দলের পারফরম্যান্সের প্রশংসা করা হয়েছিল। সংস্থাটির অভ্যন্তরীণ সূত্রের ধারণা, এসব ই-মেইল মিশরীয় বংশোদ্ভূত একদল হ্যাকারের কাজ হতে পারে।
ঘটনার পর শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে এএফএ জানায়, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে এমন কিছু ই-মেইল পাঠানো হয়েছে, যা সংস্থার কোনো কর্মকর্তা বা যোগাযোগ বিভাগ তৈরি বা অনুমোদন করেনি। সমর্থক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে সংস্থাটি বলেছে, সম্প্রতি ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক কোনো ই-মেইল, বিশেষ করে যাতে লিংক, সংযুক্ত ফাইল বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে, সেগুলো যেন গ্রহণ না করা হয়।
এএফএ আরও জানিয়েছে, তাদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
উল্লেখ্য, আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে এগিয়ে গিয়েছিল মিশর। তবে শেষ ১১ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্জেন্টিনাররা। ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর লিওনেল মেসি সমতা ফেরান এবং যোগ করা সময়ে জয়সূচক গোল করে শেষ আটের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ম্যাচটি ঘিরে শুরু থেকেই বিতর্ক চলছে। রেফারিংয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার প্যানেলকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।



