যুক্তরাষ্ট্রের নিউ জার্সির জার্সি সিটিতে অবস্থিত বাংলাদেশি রেস্তোরাঁ ‘কড়াই কিচেন’ অর্জন করেছে এক অভাবনীয় আন্তর্জাতিক স্বীকৃতি। প্রখ্যাত দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত ২০২৬ সালের যুক্তরাষ্ট্রের সেরা ৫০টি রেস্তোরাঁর তালিকায় জায়গা করে নিয়েছে ঘরোয়া বাংলাদেশি খাবারের এই জনপ্রিয় ঠিকানাটি।
মা ও মেয়ের অনন্য জুটি নূর-ই গুলশান রহমান এবং নূর-ই ফারহানা রহমান যৌথভাবে এই রেস্তোরাঁটি পরিচালনা করছেন। ২০১৮ সালে যাত্রা শুরু করা এই রেস্তোরাঁটি মূলত টেকআউট ও ডেলিভারি সেবা দিয়ে থাকে। তবে নির্দিষ্ট কিছু শুক্রবার ও শনিবার রাতে তারা “আম্মার দাওয়াত” নামের বিশেষ ৮ কোর্সের নৈশভোজের আয়োজন করে, যা সেখানে দারুণ সমাদৃত। এর আগে গত বছর এনজে ডটকমের করা নিউ জার্সির সেরা ৯৯টি রেস্তোরাঁর তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছিল কড়াই কিচেন। বিদেশের মাটিতে খাঁটি বাংলাদেশি ঘরের রান্নার স্বাদ ছড়িয়ে দিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে মা-মেয়ের এই প্রতিষ্ঠানটি।



