বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে একের পর এক সাফল্যের গল্প লিখে চলেছেন নির্মাতা রায়হান রাফী। তার নির্মিত সিনেমা মানেই দর্শক হলে ভিড় জমানো এবং বক্স অফিসে নতুন রেকর্ডের সৃষ্টি। কিন্তু এত সাফল্যের পরও থেমে থাকতে নারাজ এই নির্মাতা। দেশের সীমানা পেরিয়ে এখন তার চোখ আন্তর্জাতিক অঙ্গনে। স্বপ্ন একটাই—এমন চলচ্চিত্র নির্মাণ করা, যা শুধু বাংলাদেশের পর্দায় নয়, বিশ্বমঞ্চেও দেশের গল্প, সংস্কৃতি ও সিনেমার শক্তিকে তুলে ধরবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘প্রেশার কুকার’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রাফী জানান, তিনি শুধু কমার্শিয়াল সিনেমা বানাতে এখানে আসেননি। তিনি বলেন, “আমার নাম হয়ে গেছে রায়হান রাফী কমার্শিয়াল ডিরেক্টর, কারণ আমি সফল সিনেমা দিয়েছি। কিন্তু আমার ভিশন হলো ইন্টারন্যাশনাল সিনেমা বানানো। আমি সারা বিশ্বের জন্য সিনেমা বানাবো।”
নিজের কাজের অনুপ্রেরণা হিসেবে রাফী প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ-কে স্মরণ করেন। তিনি বলেন, “তারেক মাসুদই আমাকে চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। ‘প্রেশার কুকার’ সিনেমাটি আমি তার প্রতি উৎসর্গ করেছি। এটি একমাত্র ছবি, যা তাকে উৎসর্গ করা সম্ভব।”
স্রেফ নির্মাণ নয়, এই সিনেমার মাধ্যমে রাফীর ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন এক পালক। এটি তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র এবং যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।



