বিশিষ্ট অভিনেতা ও নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম জানিয়েছেন, আমৃত্যু তার চিকিৎসা ভিজিট ৩০০ টাকাই থাকবে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
চিকিৎসক হিসেবে তাকে ‘গরিবের ডাক্তার’ বলা হয়—এমন প্রশ্নে ডা. এজাজ বলেন, “ভালোই লাগে। তবে অনেকে বলেন, আমি কেন ভিজিট বাড়াই না। এমনকি আমার স্টাফরাও বলে—আমার জুনিয়ররাও আমার চেয়ে বেশি ফি নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ভিজিট কম রাখছি। এতে মানুষ আমাকে সন্দেহ করবে, আমার মান-সম্মান থাকবে না।”
তিনি আরও বলেন, “আমি এসব চিন্তা করি না। আমৃত্যু ৩০০ টাকাই নেব। টাকার পেছনে অপ্রয়োজনীয়ভাবে ছোটার মানে নেই। আমি বিশ্বাস করি, এটা এক ধরনের মানসিক ব্যাধি। আমি খেতে পারছি, পরতে পারছি, সন্তানদের লেখাপড়া চালিয়ে নিতে পারছি—এটাই যথেষ্ট। এর চেয়ে বেশি টাকার প্রয়োজন নেই।”
চিকিৎসার পাশাপাশি বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ততা কেমন জানতে চাইলে তিনি জানান, ‘দেনা-পাওনা’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছেন এবং দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। পাশাপাশি কিছু খণ্ড নাটকেও অভিনয় করছেন। যদিও আগের মতো ব্যস্ততা নেই, তবুও অভিনয়ের মধ্যেই আছেন। তার ভাষায়, “অভিনয় আমার ভালোবাসা।”
আজ কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করার স্মৃতি স্মরণ করে ডা. এজাজ আবেগভরা কণ্ঠে বলেন, “তার সঙ্গে কাটানো সময় আমার জীবনের অন্যতম সেরা অধ্যায়। এই সম্পর্ক শুধু কাজের ছিল না, ছিল হৃদয়েরও।”



