আবারও বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। সপ্তাহ না পেরোতেই মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে ৪.২ মাত্রার কম্পন আঘাত হানে এ অঞ্চলে। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় বেশিরভাগ বাসিন্দাই কম্পন টের পাননি। ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৩১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা প্রায় ৩৫ কিলোমিটার।
গত এক সপ্তাহে দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার কম্পন রেকর্ড হয়। এছাড়া ১ ডিসেম্বর রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া যায়। আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ওই কম্পনের মাত্রা ছিল ৪.৯ এবং উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। পরপর দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিয়ানমারের স্থানীয়দের ভাষ্যমতে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড, তবে বঙ্গোপসাগরের সাম্প্রতিক কম্পনে কোনো অনুভূতি মেলেনি।



