কিংবদন্তি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর জীবনচলার সত্তর বছর উদযাপনের লক্ষ্যে শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার রাশান হাউজে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন—‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে আজব কারখানা। সঙ্গীত, স্মৃতি ও শ্রদ্ধার আবহে সাজানো পুরো আয়োজনটি ছিল শহীদ মাহমুদ জঙ্গীর সৃষ্টিশীল জীবনের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
অনুষ্ঠানে শহীদ মাহমুদ জঙ্গীকে ঘিরে লেখা স্মৃতিচারণমূলক ও গবেষণাধর্মী লেখার সংকলন ‘আপন আলোয় শহীদ মাহমুদ জঙ্গী: গানে গানে সত্তর’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটি সম্পাদনা করেছেন জয় শাহরিয়ার। সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন নিশীথ সূর্য ও শাহরিয়ার আদনান শান্তনু। এই সংকলনে গীতিকবির জীবন, দর্শন, সৃষ্টিশীলতা ও বাংলা গানে তার অনন্য অবদানকে নানান দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সংগীতানুষ্ঠান। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা কালজয়ী গান পরিবেশন করেন রফিকুল আলম, সোলস, রেনেসাঁ, সামিনা চৌধুরী, নাসীম আলী খান প্রজেক্ট, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, জয় শাহরিয়ার, সুমন কল্যাণ, কিশোর দাশ, নিশীথ সূর্য এবং লার্ন গিটার উইথ আসাদের শিশু শিল্পীরা। প্রজন্ম থেকে প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার গান নতুন করে প্রাণ ফিরে পায়।
শহীদ মাহমুদ জঙ্গী ছিলেন এমন একজন গীতিকবি, যাঁর লেখায় প্রেম, দ্রোহ, মানবিকতা ও সময়ের স্পষ্ট প্রতিচ্ছবি পাওয়া যায়। বাংলা গানের জগতে তিনি কেবল একজন গীতিকার নন—তিনি ছিলেন অনুভূতির ভাষ্যকার। বহু সংগীতপ্রেমীর কাছে তার গান আজও জীবনের সঙ্গী, নীরব রাতের সহচর কিংবা সংগ্রামের অনুপ্রেরণা।
তার গান প্রমাণ করে—সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু সত্যিকারের সৃষ্টির আলো কখনো ম্লান হয় না। শহীদ মাহমুদ জঙ্গী নিজের গানেই বেঁচে আছেন, থাকবেন আরও বহু বছর।



