তালা এমন একটি জিনিস, যা ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাসাবাড়ি, লাগেজ কিংবা বিভিন্ন জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তালা প্রতিদিনই ব্যবহৃত হয়। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, বেশিরভাগ তালার নিচে একটি ছোট্ট ছিদ্র থাকে? অনেকেই জানেন না এই ছিদ্রটির আসল কাজ কী। প্রায় চার হাজার বছর আগে মিশরীয়রা প্রথম তালা-চাবির আবিষ্কার করেন। এরপর নকশা ও আকারে পরিবর্তন এলেও তালার মূল কাঠামো প্রায় অপরিবর্তিত থেকেছে।
তালার নিচের এই ক্ষুদ্র ছিদ্রটির গুরুত্ব অনেক। যেহেতু তালা সাধারণত দরজার বাইরের দিকে লাগানো থাকে, তাই রোদ, বৃষ্টি ও ধুলোবালি সহজেই এর ভেতরে ঢুকে পড়ে। এই ছিদ্রটি দিয়ে তালার ভেতরে জমে থাকা পানি ও নোংরা পদার্থ বের হয়ে যায়, ফলে মরিচা পড়া থেকে তালা রক্ষা পায়। তাছাড়া, তালা নষ্ট হলে মেকানিকরা এই ছিদ্র দিয়েই চিকন তার ঢুকিয়ে মেরামত করতে পারেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তথ্যমতে, বর্ষাকালে তালায় পানি ঢুকে গেলে নিচের এই ছিদ্র দিয়ে তা বেরিয়ে আসে, যা মরিচা প্রতিরোধ করে এবং তালাকে বছরের পর বছর কার্যকর রাখে। তাই তালার নিচের এই ছোট ছিদ্র তুচ্ছ মনে হলেও, এর কার্যকারিতা অনেক বড়। এটি না থাকলে হয়তো কয়েক মাস পরপরই আমাদের নতুন তালা কিনতে হতো।



