সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘রাক্ষস’ আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলার পর এবার যাত্রা শুরু করেছে ইতালির রাজধানী রোমের একটি প্রেক্ষাগৃহে। গত ৬ এপ্রিল সেখানে মুক্তির পর থেকে দর্শকদের ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে সিয়াম ও সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনীত এই রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম দিনেই ইতালির দর্শকরা ছবিটিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, বাংলাদেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে সাফল্যের পর ইতালিতে দর্শকদের প্রতিক্রিয়া পুরো টিমকে আরও আশাবাদী করে তুলেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির প্রস্তুতি চলছে। গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর জানিয়েছেন, আগামী ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাক্ষস’। পর্যায়ক্রমে কানাডাতেও ছবিটি প্রদর্শিত হবে। রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।



