পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত তারকা আতিফ আসলাম—যার গান ও ব্যক্তিত্বে মুগ্ধ বাংলাদেশি শ্রোতারাও। এর আগে একাধিকবার ঢাকায় এসে কনসার্টে মাতিয়েছেন এই তারকা গায়ক। এবারও তাকে আবারও ঢাকায় আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠান আতিফ আসলামকে বাংলাদেশে কনসার্টের জন্য আনার উদ্যোগ নিয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আয়োজক প্রতিষ্ঠানের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা জানিয়েছেন, আতিফের ম্যানেজারের সঙ্গে ইতোমধ্যে তাদের যোগাযোগ হয়েছে। প্রাথমিক আলোচনায় আতিফ আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে কনসার্টে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। তবে পারিশ্রমিকের একটি বড় অংশ অগ্রিম পরিশোধের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
আতিফ সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন ২০২৪ সালের ২৯ নভেম্বর, ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে। সেখানে তার সঙ্গে অংশ নিয়েছিলেন পাকিস্তানের হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। এবারও আতিফের কনসার্টে কারা পারফর্ম করবেন, তা জানা যাবে তার বাংলাদেশ সফর চূড়ান্ত হওয়ার পর।
এদিকে, এই নভেম্বর মাসেই একাধিক পাকিস্তানি ব্যান্ড আসছে বাংলাদেশে। ১৪ নভেম্বর কনসার্ট করবেন পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুনের ভোকাল আলি আজমত, যার সঙ্গে মঞ্চ ভাগ করবেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। এছাড়া ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল-এর কনসার্ট ‘সাউন্ড অব সোল’, যা নিশ্চিত করেছেন ব্যান্ডটির ভোকালিস্ট গওহর মুমতাজ।
পাশাপাশি ৫ ডিসেম্বর ঢাকায় আসছে পাকিস্তানের আরেক বিখ্যাত ব্যান্ড কাভিশ। তাদের কনসার্ট আয়োজন করছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন। ইতোমধ্যে অনলাইনে কনসার্টের প্রচারণা শুরু হয়েছে এবং নভেম্বর মাসের মধ্যেই টিকিট বিক্রি শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।



