আজ ২১ ডিসেম্বর—আজই চলতি বছরের দীর্ঘতম রাত। অন্য দিনের তুলনায় আজ রাতের দৈর্ঘ্য কিছুটা বেশি হওয়ায় সবাই একটু বাড়তি সময় পাচ্ছেন বিশ্রাম নেওয়া, বই পড়া, সিনেমা দেখা কিংবা আরাম করে ঘুমানোর। এর ঠিক উল্টো চিত্র দেখা যাবে আগামীকাল সোমবার, যেদিন হবে বছরের সবচেয়ে ছোট দিন।
এই ঘটনা ঘটছে পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোতে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। তবে দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আজ হবে বছরের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত।
এর পেছনের কারণটি মূলত জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ঠিক ওপর অবস্থান করে। এ সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। ফলে সূর্যের আলো উত্তর গোলার্ধে তুলনামূলক কম পড়ে, দিনের দৈর্ঘ্য ছোট হয়ে যায় এবং রাত দীর্ঘ হয়।
এই বিশেষ দিনটিকে বলা হয় ‘উইন্টার সলস্টিস’ বা সূর্যের দক্ষিণায়ন। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। সংক্ষেপে বলা যায়, পৃথিবীর অক্ষের হেলনের কারণেই ২১ ডিসেম্বরকে বছরের সবচেয়ে দীর্ঘ রাত হিসেবে ধরা হয়।



