আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্যসমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। সোমবার (৫ মে) আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মিরাজ ছাড়াও এপ্রিল মাসের সেরা হওয়ার সংক্ষিপ্ত তালিকায় আছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ বোলিং করেন মুজারাবানি, আর সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন।
সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে মিরাজ প্রথম ইনিংসে ৫২ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৫ উইকেট নেন। চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও তিনি ছন্দে ছিলেন। ব্যাট হাতে ১৬২ বল খেলে করেন ১০৪ রান, এবং বল হাতে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রান দিয়ে তুলে নেন আরও ৫ উইকেট। পুরো এপ্রিল মাসে তিনি ব্যাটিংয়ে ৩৮.৬৬ গড়ে করেন ১১৬ রান এবং বোলিংয়ে ১১.৮৬ গড়ে নেন ১৫ উইকেট। এই অসাধারণ পারফরম্যান্স তাকে মাস সেরার জোরালো দাবিদার করেছে।
অন্যদিকে, মুজারাবানি সিরিজজুড়ে ৩৯.২ ওভারে ১২২ রান দিয়ে ৯ উইকেট শিকার করেন। বিশেষ করে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ছিলেন দারুণ আলোচনায়। নিউজিল্যান্ডের বেন সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৮.২ ওভার বোলিং করে ১০ উইকেট শিকার করেন, যার মধ্যে এক ম্যাচে ৩৪ রান দিয়ে ৫ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার।
এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচনে ভূমিকা রাখবেন ক্রিকেটপ্রেমীদের ভোট এবং আইসিসির বাছাইকৃত সংবাদকর্মীদের রায়।



