তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২০২৬ আইপিএলের আগে দলকে আরও শক্তিশালী করতে আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মোট ১৩ জন ক্রিকেটারকে দলে ভেড়ায়। নিলামে সবচেয়ে আলোচিত নাম ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন, যাকে ২৫ কোটি টাকায় দলে নেয় শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া শ্রীলঙ্কার গতিতারকা মাথিশা পাথিরানাকে ১৮ কোটি টাকায় এবং বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটিরও বেশি টাকায় দলে অন্তর্ভুক্ত করে কেকেআর।
ক্যামেরুন গ্রিন, মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি টিম সাইফার্ট, ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্রের মতো ক্রিকেটাররা আইপিএলের ১৯তম আসরে কেকেআরের বড় ভরসা হয়ে উঠবেন বলে মনে করা হচ্ছে। নিলামের পর ভারতীয় একাধিক গণমাধ্যম কলকাতার সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের পেসার মুস্তাফিজকে নিশ্চিতভাবেই একাদশে রাখা হয়েছে।
২০২৬ আইপিএলে কেকেআরের হয়ে ফিন অ্যালেন বা টিম সাইফার্ট—এই দুজনের মধ্যে একজন উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন। আইপিএল ইতিহাসে তিনবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) জেতা সুনীল নারাইন কেবল বল হাতে নয়, ওপেনার হিসেবে ব্যাট হাতেও বহু গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন এবং কেকেআরের অন্যতম প্রধান ভরসা হয়ে আছেন।
আইপিএল ২০২৫ আসরে কেকেআরের অধিনায়ক ছিলেন অজিঙ্কা রাহানে। ২০২৬ সালেও যদি তিনি নেতৃত্বে থাকেন, তাহলে তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনাই বেশি। চার নম্বরে ক্যামেরুন গ্রিন, পাঁচে রিঙ্কু সিং এবং ছয় নম্বরে রামনদীপ সিংয়ের ব্যাটিংয়ে দলের মধ্যভাগকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
বোলিং বিভাগে ২০২৬ আইপিএলে কেকেআরের মূল দায়িত্ব থাকবে হর্ষিত রানা ও বৈভব অরোরার কাঁধে। তাদের সঙ্গে পেস আক্রমণে সহায়তা করবেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন বরুণ চক্রবর্তী। ব্যাকআপ পেসার হিসেবে দলে রয়েছেন আকাশ দীপ, উমরান মালিক ও কার্তিক ত্যাগী। আর ব্যাকআপ ব্যাটারদের তালিকায় আছেন অংক্রিশ রঘুবংশী, মনীশ পাণ্ডে ও রাহুল ত্রিপাঠীর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
সবকিছু মিলিয়ে, আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য সেরা একাদশ হতে পারে—অজিঙ্কা রাহানে, সুনীল নারাইন, তেজস্বী সিং (উইকেটকিপার), ক্যামেরুন গ্রিন, রিঙ্কু সিং, রামনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, মুস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী ও মাথিশা পাথিরানা।



