বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। দেশের সর্ববৃহৎ এই সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের তারিখ নির্ধারণ করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬-এর তারিখ নির্ধারণসংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার পর সর্বসম্মতিক্রমে মেলার সময়সূচি চূড়ান্ত করা হয়।
পরবর্তীতে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে জানানো হয়, অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায়।
সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। সভায় মেলার সুষ্ঠু আয়োজন, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



