ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ইউএস ভার্চুয়াল এমবাসি ইরান থেকে জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় জানানো হয়, মার্কিন নাগরিকদের নিজেদের ব্যবস্থায় দ্রুত দেশ ছাড়তে হবে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সহায়তার ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ইরান থেকে স্থলপথে বের হওয়ার কয়েকটি সীমান্ত এখনো খোলা রয়েছে। এর মধ্যে আর্মেনিয়ার সঙ্গে আগারাক–নোরদুজ সীমান্ত এবং তুরস্কের সঙ্গে গুরবুলাক–বাজারগান, কাপিকয়–রাজি ও এসেন্দেরে–সেরো সীমান্ত ব্যবহার করা যেতে পারে। তবে তুর্কমেনিস্তানে প্রবেশের ক্ষেত্রে আগাম বিশেষ অনুমতির প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আজারবাইজানে প্রবেশ সীমিত থাকায় সে পথে যাতায়াতে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আফগানিস্তান, ইরাক অথবা পাকিস্তান–ইরান সীমান্ত দিয়ে ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দেশজুড়ে বিক্ষোভ, নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে, যা ইরানে অবস্থানরত বিদেশিদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।



