দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফেসবুক তাদের মোবাইল অ্যাপে আনল বহুল প্রত্যাশিত ‘ডিসলাইক’ বাটন। এখন থেকে ব্যবহারকারীরা কোনো পোস্ট বা মন্তব্যে অসন্তোষ প্রকাশ করতে চাইলে সরাসরি ‘ডিসলাইক’ বোতামে চাপ দিতে পারবেন। তবে ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ আপডেট করে ফিচারটি পাওয়া গেছে কিনা যাচাই করতে পারবেন।
প্রথমদিকে ফেসবুক একটি ‘অ্যানয়িং’ নামের নিচের দিকে তীরচিহ্নযুক্ত বোতাম চালু করেছিল। সাম্প্রতিক সময়ে সেটি পরিবর্তন করে সরাসরি ‘ডিসলাইক’ আইকনে রূপান্তর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বর্তমানে শুধু মোবাইল অ্যাপে এই সুবিধা দেখা যাচ্ছে, ফেসবুকের ওয়েব সংস্করণে এটি পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞদের ধারণা, ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হতে পারে।
দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছিলেন। এতদিন শুধুমাত্র ইতিবাচক প্রতিক্রিয়ার সুযোগ থাকলেও এখন ফেসবুক ব্যবহারকারীদের মতপ্রকাশের পরিসর আরও বড় করতে চাচ্ছে—এমন ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।



