দীর্ঘদিন ধরেই জটিলতার ঘেরাটোপে আটকে ছিল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’। বারবার আটকে যাচ্ছিল প্যান-ইন্ডিয়ান এই সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি, আর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উৎকণ্ঠা বাড়ছিল। এবার এলো সুখবর—সেন্সর বোর্ড থেকে শিগগিরই সবুজ সংকেত পেতে যাচ্ছে সিনেমাটি, ফলে চলতি মাসেই মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই ছবিটি। বলিউড লাইফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘জনা নায়াগান’ গত জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর সার্টিফিকেশন ও সিবিএফসি বিরোধের কারণে শেষ মুহূর্তে তা স্থগিত হয়। তখন মুক্তির আগেই ১ কোটি রুপির অগ্রিম টিকিট বুকিং হয়ে যায়, যা প্রমাণ করে সিনেমাটি নিয়ে কতটা উন্মাদনা ছিল। অবশেষে এ সপ্তাহেই ছাড়পত্র মিলতে পারে বলে জানা গেছে। প্রযোজনা সংস্থা জুলাইয়ের তিনটি সম্ভাব্য তারিখ—১৬, ২৩ ও ৩১ জুলাই—বিবেচনা করছে। তবে ৩১ জুলাই মুক্তির সম্ভাবনা কম, কারণ ওই দিন বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের পরিচালনায় প্রথম সিনেমা ‘সিগমা’ মুক্তি পেতে পারে। জুলাইয়ে সম্ভব না হলে আগামী ৭ আগস্ট সিনেমাটি থিয়েটারে আসতে পারে।
রাজনীতিতে পুরোপুরি যোগ দেওয়ার আগেই বিজয় ঘোষণা দিয়েছিলেন, ‘জন নায়াগান’ তার ক্যারিয়ারের শেষ সিনেমা। এর মাঝে গত ৯ এপ্রিল নির্বাচনের ঠিক আগে সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়; পুলিশ জড়িতদের গ্রেপ্তার করলেও নির্মাতাদের জটিলতা আরও বেড়েছিল। এই সিনেমায় থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওলের মতো শক্তিশালী তারকারা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দুর্দান্ত জয়ের পর তার শেষ সিনেমা নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। ভক্তদের অপেক্ষা আর মাত্র কিছুদিনের।



