লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ প্রায় ৯ বছর ক্লাবটির সঙ্গে থাকার পর ২০২৫-২৬ মৌসুম শেষে বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানতে চলেছেন। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৪ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে সালাহ বলেন, তিনি কখনও ভাবেননি এই ক্লাব, এই শহর ও মানুষগুলো তার জীবনের এতটা গভীর অংশ হয়ে উঠবে।
২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে অ্যানফিল্ডের ইতিহাসে সোনালি অক্ষরে নাম লিখিয়েছেন সালাহ। ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে তিনি ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে আছেন। লিভারপুলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও ২০১৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি বড় শিরোপা জিতেছেন তিনি।



