বিশ্বে প্রায় ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ ছানি রোগে আক্রান্ত হলেও তাদের অর্ধেক প্রয়োজনীয় অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ডব্লিউএইচওর মতে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চোখের লেন্স ধীরে ধীরে ঘোলা হয়ে যাওয়াকে ছানি বলা হয়। সময়মতো চিকিৎসা না হলে এটি স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে। অথচ ছানি অপারেশন মাত্র ১৫ মিনিটের একটি সহজ, নিরাপদ ও তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা পদ্ধতি, যা দ্রুত এবং স্থায়ীভাবে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সক্ষম।
ডব্লিউএইচও’র চোখের যত্ন বিষয়ক কারিগরি প্রধান স্টুয়ার্ট কিল জানিয়েছেন, যাদের ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের প্রায় অর্ধেকই সেই সুযোগ থেকে বঞ্চিত। আফ্রিকা অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক; সেখানে প্রতি চারজন রোগীর মধ্যে তিনজন প্রয়োজনীয় চিকিৎসা পান না। কেনিয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দেশটিতে যাদের ছানি অপারেশন দরকার, তাদের ৭৭ শতাংশ দৃষ্টি প্রতিবন্ধকতা বা অন্ধত্ব নিয়েই মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এছাড়া বিশ্বব্যাপী পুরুষদের তুলনায় নারীরা তুলনামূলকভাবে কম চিকিৎসা সুবিধা পাচ্ছেন, যা লিঙ্গভিত্তিক বৈষম্যের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে।
ডব্লিউএইচও আরও জানায়, আক্রান্তদের মধ্যে ২০ শতাংশের কম সম্পূর্ণ অন্ধ হলেও অধিকাংশ মানুষ আংশিক দৃষ্টিশক্তি হারিয়ে দৈনন্দিন জীবনে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। সংস্থাটি সবার জন্য সমান ও সহজলভ্য চোখের চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।



