বরিশালের মেহেন্দিগঞ্জে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৫ নভেম্বর) বিকেলে পরিচালিত বিশেষ অভিযানে এই জাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কালিগঞ্জ কোস্টগার্ড স্টেশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা বিকেল ৪টার দিকে মেঘনা নদীর সবুজ বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি করে প্রায় ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি ৫০ লাখ টাকা।
অভিযানের সময় জালের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি, ফলে কাউকে আটক করা যায়নি। পরে মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানির উপস্থিতিতে জব্দকৃত জাল ধ্বংস করা হয়। নৌকার ক্রুদের মুচলেকা নেওয়ার পর নৌকাটি ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে, যাতে অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম ব্যবহার রোধ করা যায়।



